প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:২৩
নানা আয়োজনে ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত

চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ নভেম্বর 'ফরিদগঞ্জ মুক্ত দিবস' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ’৭১-এর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী আমান উল্লা আমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, কমিটির সদস্য প্রকৌশলী আবু তাহের, দেলোয়ার হোসেন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাছ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই দিন উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে হানাদার বাহিনী। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এতে কয়েকজন নিরীহ মানুষ শহীদ হন। ওই দিনই চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে শত্রুমুক্ত হয় ফরিদগঞ্জ।
এদিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মৃতি রক্ষার্থে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার মরহুম লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এই দিনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন এখানে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।








