রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩৩

বাবুরহাট মডেল টাউন সংলগ্ন সড়ক খানাখন্দে বেহাল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

পলাশ দে
বাবুরহাট মডেল টাউন সংলগ্ন সড়ক খানাখন্দে বেহাল, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউন মোড় এলাকায় সড়কে বৃষ্টির পানি জমে থাকা খানাখন্দের দৃশ্য। ছবি : পলাশ দে।

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউন সংলগ্ন পাকা সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল অবস্থায় পড়ে আছে। এর ওপর সাম্প্রতিক টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি বাবুরহাট বাজারের বাইপাস ও বাবুরহাট হাইস্কুলের সামনে থেকে শুরু হয়ে বাবুরহাট মডেল টাউন মোড় হয়ে কল্যাণপুর ইউনিয়নের গাজীরহাট, হুজু ভূঁইয়ার বাজার ও সফরমালীসহ আশপাশের সংযোগ সড়কগুলোর সঙ্গে যুক্ত। চাঁদপুর শহর থেকে এসব এলাকায় যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ। স্থানীয়ভাবে সড়কটি ‘৭১-এর স্বাধীনতার বীর শহীদ আবুল কালাম সড়ক’ নামেই বেশি পরিচিত।

দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙেচুরে খানাখন্দে একাকার হয়ে যাওয়ায় স্বাভাবিক যানবাহন ও পথচারী চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাবুরহাট মডেল টাউন মোড়ের অবস্থা এতোটাই শোচনীয় যে, বৃষ্টির পানি জমে সেখানে সড়ককে খাল বা পুকুরের মতো মনে হয়।

এলাকাটিতে ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের একটি শাখা রয়েছে। জলাবদ্ধতা ও ভাঙাচুরা সড়কের কারণে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের খাল ভরাট হয়ে যাওয়া এবং অপরিকল্পিতভাবে স্বার্থসিদ্ধির জন্য তা ভরাট করার ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নামতে না পেরে সড়কেই জমে থাকছে। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করা না হলে জমে থাকা পানিতে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হবে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সড়কটি দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়