প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২১:৩৬
বকেয়া গ্রাচ্যুইটির সোয়া দু কোটি টাকার চেক পেলেন চাঁদপুর পৌরসভার ২৪ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী

চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া এককালীন আনুতোষিক (গ্রাচ্যুইটি) চেক বিতরণ করা হয়েছে। ২৪ জন অবসরপ্রাপ্ত ব্যক্তির মাঝে মোট ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার এই চেক বিতরণ করা হয়।
|আরো খবর
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, "অনেক দিন পর হলেও আপনারা আপনাদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছেন। পৌরসভার প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে নিয়ম অনুযায়ী যে টাকা কর্তন করা হয়, তা যেন সময়মতো পরিশোধ করা হয়। আপনারা যারা এই টাকা পাচ্ছেন, সবার আগে আপনাদের বকেয়া দেনা পরিশোধ করবেন এবং নিজের চিকিৎসার খরচকে অগ্রাধিকার দেবেন।"
দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, "আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যে-ই দুর্নীতি করুক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদপুর পৌরসভাকে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। অতীতে যারা ৩০ কোটি টাকা বকেয়া রেখে গেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "চাঁদপুর পৌরসভার অব্যবহৃত জায়গাগুলোতে ডে-পার্ক ও নাইট পার্ক নির্মাণ করা যেতে পারে। হকারদের আকস্মিক উচ্ছেদ না করে তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পৌর সেবা নিশ্চিত করতে যারা নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও পানির বিল পরিশোধ করবেন না, তাদের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে। পৌরসভাকে কার্যকর ও স্বাবলম্বী করতে সবাইকে নির্দিষ্ট সময়ে কর পরিশোধ করার আহ্বান জানাচ্ছি।"
চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এইচ এম সামছুদ্দোহা ও পৌর হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম। এ সময় চাঁদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








