শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়
ছবি-১: ক্যাপশন: চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুল ইয়ংমেন্স ও রহমতগঞ্জের ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়রা। ছবি-২: ক্যাপশন: ফকিরাপুলকে ৩-২ গোলে পরাজিত করার পর রহমতগঞ্জের খেলোয়াড়দের উল্লাস। ছবি : ইয়াসিন ইকরাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর এক রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর স্টেডিয়ামে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে আক্রমণ ও পাল্টা-আক্রমণে ভরপুর হাইভোল্টেজ ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

ম্যাচটি চলাকালে চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারি ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। ম্যাচের শুরু থেকেই দু দল আক্রমণের ধার বাড়িয়ে খেলতে থাকে। খেলার ২০ মিনিটে প্রথম সাফল্যের মুখ দেখে ফকিরাপুল। সোলেমান সিলার চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ম্যাচের ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। সাজ্জাদের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফিরে আসে। সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রহমতগঞ্জ। এর ধারাবাহিকতায় ৬৫ মিনিটে রহমতগঞ্জের বিদেশি ফুটবলার অভিষেক অসাধারণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ফকিরাপুল। ৭১ মিনিটে রহমতগঞ্জের ডি-বক্সের ভেতরে ফকিরাপুলের সোলেমান সিলা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ফকিরাপুলকে ২-২ ব্যবধানে পুনরায় সমতায় ফেরান সিলা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ঘটে নাটকের আসল দৃশ্যপট। রহমতগঞ্জের ৯০ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার ইব্রাহিম সানে এক দর্শনীয় গোল করে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। তাঁর এই জয়সূচক গোলেই ৩-২ ব্যবধানের এক অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

দুর্দান্ত ফুটবল নৈপুণ্য, চোখধাঁধানো গোল এবং হাজারো দর্শকের করতালিতে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লিগের এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন এক রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়