বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২:০৪

ক্ষমতা নয়, আখেরাতমুখী জীবন গড়াই হোক জামায়াত নেতাদের লক্ষ্য

—সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম

অনলাইন ডেস্ক
ক্ষমতা নয়, আখেরাতমুখী জীবন গড়াই হোক জামায়াত নেতাদের লক্ষ্য

দুনিয়ামুখী মানসিকতা পরিহার করে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আখেরাতমুখী জীবন গড়ে তোলার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

তিনি বলেন, "সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।"

গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের দারুস সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাসুম বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাধারণ মানুষের প্রত্যাশা ও সংকটের প্রতি সর্বদা দায়বদ্ধ থাকতে হবে। মানুষের বিপদে-আপদে সাধ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। শুধু সাংগঠনিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থেকে জনকল্যাণমূলক সামাজিক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, যে কোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই ও নিশ্চিত হতে হবে। একই সঙ্গে সংগঠনের জনশক্তিকে আরও দক্ষ, সুসংগঠিত ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোবারক হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুনুর রশীদ ওসমানী, জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, মোহাম্মদ হোসেন বিএসসি, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান এবং সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা-কর্মীরা। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়