প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬
ভাইয়ের বিয়ের কেনাকাটায় বের হয়ে প্রাণ গেলো বোনের
ঘাতক ট্রাক ও চালক আটক

প্রবাস ফেরত ভাইয়ের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়েছিলো। ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে বাবার বাড়ি থেকে শহরের উদ্দেশে বের হয়েছিলেন বোন মাহিনুর বেগম (৩৭)। কিন্তু কেনাকাটা আর করা হলো না; সড়ক দুর্ঘটনায় পথেই ঝরে গেলো তার প্রাণ।
|আরো খবর
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিনুর বেগম হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার তফদার বাড়ির মৃত পনু মিয়ার মেয়ে এবং চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের তফদার বাড়ির নাসির তফদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি দ্রুতগতির ট্রাক দেবপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার ভেতর থেকে এক নারী যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত মাহিনুরের চাচা বুলু তফদার কান্নাজড়িত কণ্ঠে জানান, "আগামীকাল সোমবার মাহিনুরের প্রবাস ফেরত ছোট ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ের কেনাকাটা করার জন্য রোববার দুপুরে বাবার বাড়ি থেকে অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলো সে। কিন্তু পথিমধ্যে দেবপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর এলাকার ইউপি সদস্য মহসিন খাঁন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি ও চালক-হেলপারকে আটক করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।








