প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪
চাঁদপুর সদর ও হাইমচরের জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ শিক্ষার্থীর সংবর্ধনা আজ
এমন সংবর্ধনা এবারই প্রথম

চাঁদপুরে এই প্রথমবারের মতো সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সব কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। চাঁদপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১০টায় শহরের মুনিরা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার দু উপজেলার মোট ৫৭১ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হবে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের মেধার স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
ডিসিকে /এমজেডএইচ








