শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০

নজরুল বর্ষে তিন কবিকে শ্রদ্ধা জানালো সুরধ্বনি সংগীত একাডেমি

কবির হোসেন মিজি।।
নজরুল বর্ষে তিন কবিকে শ্রদ্ধা জানালো সুরধ্বনি সংগীত একাডেমি

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে বর্ণাঢ্য স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করে ‘সুরধ্বনি সংগীত একাডেমি, চাঁদপুর’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সুরধ্বনি একাডেমির সাবেক সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী।

স্মরণোৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সপ্তসুর সংগীত একাডেমির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, উপদেষ্টা বিপ্লব কুমার কর্মকার, সংগঠনের সভাপতি মো. মাসুদ হোসেন এবং সহ-সভাপতি এমদাদুল হক মিলনসহ অন্যরা।

আলোচনা সভায় তিন মহান কবির সাহিত্যকর্ম, জীবনদর্শন ও বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁদের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা রবীন্দ্রনাথের মানবতা ও সৌন্দর্যবোধ, নজরুলের সাম্য ও দ্রোহের চেতনা এবং সুকান্তের গণমানুষের স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরবচ্ছিন্ন সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সুরধ্বনি একাডেমির সংগীত বিভাগের উত্তীর্ণ ১৩ জন সদস্যকে সম্মাননা প্রদান। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তিন কবির সৃষ্টিকে ঘিরে আয়োজিত এ পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়