প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৫
বাকিলা রেলক্রসিংয়ে মাদকবিরোধী চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও অপব্যবহার রোধে হাজীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাকিলা রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
|আরো খবর
বুধবার (২৬ আগস্ট ২০২৬) নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বাকিলা রেলক্রসিং এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, রেলক্রসিং ও প্রবেশপথে নিয়মিত নজরদারি এবং চেকপোস্ট পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বাকিলা রেলক্রসিংয়ে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








