প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১:২৫
পাইকদী ঘাট-চান্দ্রা ভুলু ডাক্তার ব্রিজ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ভুলু ডাক্তার ব্রিজ থেকে পাইকদী (আবাবিল) ঘাট পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে তীব্র খানাখন্দ ও বেহাল দশা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, ট্রাক, ট্রাক্টরসহ বহু যানবাহন চলাচল করে। তবে পুরো সড়কের স্থানে স্থানে বিশালাকার গর্ত তৈরি হওয়ায় এবং দু পাশ ভেঙে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
|আরো খবর
স্থানীয়দের অভিযোগ, সড়কের দু পাশে গড়ে ওঠা ইটভাটার ইট এবং ইটভাটা ও বালু ব্যবসায়ীদের মাটি ও বালু বহনে অতিরিক্ত ভারী ট্রাক ও নিষিদ্ধ ট্রলি-ট্রাক্টর চলাচলের কারণেই অল্প দিনের মধ্যে পথটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়তই গর্তে চাকা আটকে অটোরিকশা উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। পরিবহন মালিকরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
সরজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালাই করা সড়কের বিভিন্ন অংশ পুরোপুরি ধসে গিয়ে ভেতরের মাটি বের হয়ে পড়েছে। মাত্র ৪-৫ বছর আগে নির্মাণ করা হলেও সড়কটির বর্তমান চেহারা দেখে মনে হয় বহু বছর ধরে সংস্কার করা হয়নি।
ক্ষতিগ্রস্ত সড়কটি নিয়ে অটোরিকশাচালক রবিউল বলেন, "অবৈধ ট্রলি ও ভারী ট্রাক চলায় পুরো রাস্তা ভেঙে ছারখার হয়ে গেছে। এখন কাত হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়, প্রায়ই গাড়ি উল্টে যায়। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।"
স্থানীয় বাসিন্দা সাব্বির গাজী, নাছির ও লিটন জানান, অনিয়ন্ত্রিতভাবে ভারী যানবাহন চলাচলই সড়কের এই ধ্বংসাত্মক অবস্থার মূল কারণ। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে নিষিদ্ধ ট্রাক্টর চলাচল বন্ধ এবং সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
ক্যাপশন : ফরিদগঞ্জের পাইকদী-ভুলু ডাক্তার সড়কের স্থানে স্থানে পিচ উঠে তৈরি হয়েছে বিশালাকার গর্ত; ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।








