প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৪:৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন ড. কাবিল খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান (জামিল)। বুধবার (১২ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জেএমসি মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার এবং আজকের পত্রিকার সদ্য সাবেক সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান। অনুষ্ঠানে বিদায়ী বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন নতুন বিভাগীয় প্রধান ড. জামিল খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ড. আব্দুল কাবিল খান জামিলের রয়েছে সাংবাদিকতা, শিক্ষকতা, গবেষণা ও প্রশিক্ষণের দীর্ঘ অভিজ্ঞতা। তিনি রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে প্রায় তিন বছর সহকারী লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) তিন বছরেরও বেশি সময় সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। সর্বশেষ সাড়ে তিন বছর তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতায় আসার আগে রাশিয়ায় সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা ও পিএইচডি করার সময় ড. জামিল খান দৈনিক প্রথম আলোর মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করেন। দেশে ফিরে তিনি প্রথম আলোর মোবাইল সাংবাদিকতা (মোজো) বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পাশাপাশি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। বাংলাদেশে মোবাইল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ড. কাবিল খান আন্তর্জাতিক পর্যায়েও মোজো ট্রেইনার হিসেবে কাজ করছেন। সাংবাদিকতা ও মিডিয়া বিষয়ে গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। এ ছাড়া ড. কাবিল খান দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবেও বক্তৃতা দিয়ে থাকেন। দায়িত্ব গ্রহণের পর ড. কাবিল খান বলেন, "জেএমসি বিভাগকে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের প্রস্তুত করাই আমাদের অন্যতম লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে চাই।" এদিকে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর বিভাগীয় প্রধানের পদ থেকে বিদায় নেন ড. আফতাব হোসেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরই সাবেক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমবারের মতো কোনো বিভাগের বিভাগীয় প্রধান হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ড. আফতাব হোসেনের নেতৃত্বে গত পাঁচ বছরে জেএমসি বিভাগ দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংবাদিকতা শিক্ষা বিভাগ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব, একাডেমিক কার্যক্রমের বিস্তৃতি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে তাঁর ভূমিকা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হয়েছে। বিদায়ী বক্তব্যে ড. আফতাব হোসেন বলেন, "জেএমসি বিভাগ আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়, এটি আমার নিজের জায়গা। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে কাটানো সময় আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সবার কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তার জন্যে আমি কৃতজ্ঞ। নতুন নেতৃত্বের অধীনে বিভাগটি আরও এগিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।" উচ্চশিক্ষা ও পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে শিগগিরই বিদেশে যাওয়ার কথা রয়েছে ড. আফতাব হোসেনের। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্বে জেএমসি বিভাগ সাংবাদিকতা শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। ডিসিকে /এমজেডএইচ








