প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:০২
ফরিদগঞ্জে দুটি মাদ্রাসা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার
দাখিলের ফলাফল ও প্রি-টেস্ট পর্যালোচনা, শিক্ষার মানোন্নয়নে নানা নির্দেশনা

ফরিদগঞ্জ উপজেলার পুরাণ রামপুর আবদুর রব আলিম মাদ্রাসা ও পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) পৃথকভাবে মাদ্রাসা দুটি পরিদর্শনকালে তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
|আরো খবর
পরিদর্শনকালে উভয় মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত ও ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের উপস্থিতির হার পর্যালোচনা করে নিয়মিত ও সময়মত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে প্রাত্যহিক সমাবেশ নিয়মিত করা এবং সাপ্তাহিক জলসা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।জেলা শিক্ষা অফিসার শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, শ্রেণিকক্ষে যাওয়ার আগে শিক্ষকদের যথাযথ প্রস্তুতি নিয়ে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদার, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার মাদ্রাসা দুটির শিক্ষার গুণগত মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল সন্তোষজনক করা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।







