প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২১:১৭
ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন
ছাত্রজীবনের শিক্ষায় বাস্তবধর্মী ও ফলপ্রসূ একটি অধ্যায় স্কাউটিং
.............সহকারী কমিশনার এআরএম জাহিদ হাসান

.
|আরো খবর
বইয়ের পাতায় অর্জিত জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা বাস্তব জীবনের প্রয়োজনে কাজে লাগে। আর দুর্যোগের মতো কঠিন সময়ে সাহস, দক্ষতা, শৃঙ্খলা ও মানবিকতার সমন্বয়ে মানুষের পাশে দাঁড়ানোর সেই বাস্তব পাঠ নিয়েই ফরিদগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে দু দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের পর্দা ওঠে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা স্কাউটদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত এক প্রশিক্ষণমঞ্চ।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি স্কাউটিংকে ছাত্রজীবনের বাস্তবমুখী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রজীবনে শেখার পাঠগুলোর মধ্যে বাস্তবধর্মী এবং ফলপ্রসূ একটি অংশ হচ্ছে স্কাউটিং। দুইদিনের দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স থেকে যা শেখা হবে, তা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, তাহলেই এ প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।
তিনি আরও ইঙ্গিত করেন, দুর্যোগ মোকাবিলা শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের বিষয় নয়; সংকটময় মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেয়া, মানুষের পাশে দাঁড়ানো এবং অর্জিত দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়েই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (মেম্বারশিপ) ডিআরসি আল-মামুন, চাঁদপুর জেলা স্কাউট লিডার মো. ওয়ালীদ খান, ফরিদগঞ্জ উপজেলা স্কাউটস'র সম্পাদক ও গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মার নেতৃত্বে পরিচালিত এ প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমীন এল.টি., শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা এবং ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিম।
দুই দিনের এ আয়োজন কেবল একটি প্রশিক্ষণ কোর্সে সীমাবদ্ধ নয়; বরং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখা, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার শিক্ষা অর্জনেরও একটি সুযোগ।
ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।
দুর্যোগ কখনো আগাম জানান দিয়ে আসে না। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন সচেতনতা, প্রস্তুতি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী শক্তি। সেই প্রস্তুতির বীজ কৈশোরেই বপন করার প্রত্যয়ে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের এ উদ্যোগ উপজেলার স্কাউট আন্দোলনে যোগ করেছে নতুন এক অধ্যায়।








