বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২২:২৯

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্সের শিক্ষা সামগ্রী বিতরণ

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্সের শিক্ষা সামগ্রী বিতরণ

অর্থের অভাবে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত না হয়, সে লক্ষ্যকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্স। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২০ জন মেধাবী, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ।

বিতরণকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে ছিলো ২০টি স্কুল ব্যাগ, ৪০টি খাতা, ২০টি জ্যামিতি বক্স এবং ৪০টি কলম। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েল। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আব্বাস উদ্দিন। তাঁরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তবে আর্থিক সীমাবদ্ধতা কোনো শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে না। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা যোগায়।

জানা যায়, ২০২৪ সাল থেকে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্স সারাদেশের বিভিন্ন স্কুলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আব্বাস উদ্দিন জানান, চাঁদপুর সদর উপজেলায় ইতোমধ্যে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সফরমালী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় এবং সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া অচিরেই সদর উপজেলার আরও পাঁচটি বিদ্যালয়ে একই ধরনের সহায়তা পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করতে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্স কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, নতুন ব্যাগ, খাতা, জ্যামিতি বক্স ও কলম তাদের পড়াশোনায় নতুন উৎসাহ জোগাবে। বিদ্যালয় কর্তৃপক্ষও ব্র্যাকের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষাবান্ধব এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়