বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮:১১

ফরিদগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খাল খননের পাশাপাশি কৃষকদের জন্য সড়ক নির্মাণ করা হবে

--- এম এ হান্নান

শামীম হাসান।।
খাল খননের পাশাপাশি কৃষকদের জন্য সড়ক নির্মাণ করা হবে

নদীমাতৃক বাংলার জনপদে খাল শুধু জলপ্রবাহের পথ নয়; এটি কৃষকের স্বপ্ন, ফসলের প্রাণ এবং গ্রামীণ অর্থনীতির এক নীরব চালিকাশক্তি। তাই খাল খননের পাশাপাশি কৃষকের চলাচলের সুবিধার্থে খালের পাড়ে সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রেমের ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

উপজেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বনজ, ফলদ ও বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। সংসদ সদস্য এম এ হান্নান নিজ হাতে চারা রোপণের মধ্য দিয়ে সবুজ, সমৃদ্ধ ও কৃষিবান্ধব ফরিদগঞ্জ গড়ার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও আমি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্যে। আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে ফরিদগঞ্জের উন্নয়নযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “সারা দেশের মতো ফরিদগঞ্জেও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একটি গাছ শুধু ছায়া কিংবা ফল দেয় না, এটি আমাদের জীবনধারণের জন্যে প্রয়োজনীয় অক্সিজেন দেয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই প্রত্যেকে নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও পতিত জমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাবেন।”

পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আজ যে চারাগাছ মাটিতে রোপণ করা হচ্ছে, একদিন সেটিই বড় হয়ে পথিককে ছায়া দেবে, পাখিকে আশ্রয় দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাসের নিশ্চয়তা তৈরি করবে। তাই গাছ লাগানোর পাশাপাশি তা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি।

ফরিদগঞ্জের কৃষক ও কৃষিব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে এম এ হান্নান বলেন, “সরকার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে পাইকপাড়াসহ ফরিদগঞ্জের কয়েকটি এলাকায় খাল খননের কাজ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম, শুধু খাল খনন করলেই হবে না; খালের পাড়ের রাস্তাগুলোও চলাচলের উপযোগী করতে হবে। সে জন্যে খালের পাড়ে ইটের সোলিং করে সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, খালের পাড়ে সড়ক নির্মিত হলে কৃষকেরা সহজে মাঠে যাতায়াত করতে পারবেন। ধান, পাট, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানো সম্ভব হবে। এতে কৃষকের সময় ও পরিবহন ব্যয় কমবে এবং কৃষিভিত্তিক স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

কৃষকদের শ্রম ও ত্যাগের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “আমাদের কৃষকেরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় মাঠে কাজ করেন। ক্লান্ত শরীরে একটু বসে বিশ্রাম নেওয়ার মতো স্থানও অনেক জায়গায় থাকে না। আমি উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি, কৃষকেরা যাতে কাজের ফাঁকে বসে বিশ্রাম নিতে পারেন, সে ব্যবস্থাও করতে হবে। কৃষকদের প্রয়োজনে আরও যা কিছু করা দরকার, আমরা তা করার চেষ্টা করব।”

বক্তাদের আলোচনায় উঠে আসে এক কৃষিবান্ধব ফরিদগঞ্জের স্বপ্ন—যেখানে খালে বইবে স্বচ্ছ জল, পাড়ে থাকবে চলাচলের পথ, মাঠে ফলবে সোনালি ফসল এবং রাস্তার দুপাশ ভরে উঠবে সবুজ বৃক্ষের সারিতে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, খাল খননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজমিতে সেচসুবিধা বৃদ্ধি পাবে। অন্যদিকে খালের পাড়ে সড়ক নির্মিত হলে কৃষিপণ্য পরিবহন, কৃষকের যাতায়াত ও গ্রামীণ যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে পরিকল্পিত বৃক্ষরোপণ এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পারভেজ, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা আবুল বাশার হোসেন, রাশেদুল কবির বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওহিদ পাটওয়ারী, যুবদল নেতা মো. কালু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম পাখিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানশেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সবুজের এই আয়োজন যেন ভবিষ্যতের এক বড় প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে—খালের জলে ফিরবে প্রাণ, কৃষকের চলার পথ হবে সুগম, আর বৃক্ষের ছায়ায় আরও বাসযোগ্য হয়ে উঠবে ফরিদগঞ্জ।

---

ছবি ক্যাপশন : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন সংসদ সদস্য এম এ হান্নান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়