প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৩:৩৩
আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার ও বিএনপি নেতা জিয়া প্রধানিয়া।
আলোচনা সভাশেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়। এ বছর একাডেমি থেকে সাবেক প্রধান শিক্ষক আলী মোহাম্মদ স্মৃতিবৃত্তি, সাবেক ছাত্র আবুল কাশেম মেধাবৃত্তি এবং বর্তমান প্রধান শিক্ষক গোফরান হোসেন বিশেষ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের আগে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








