প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৩৮
জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামী শরীয়ার বিকল্প নেই
--- ইসলামী আন্দোলনের গণমিছিলপূর্ব সমাবেশে জেলা সভাপতি

বৈরী আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরে গণসমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ আয়োজনে দলটির চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠন ও গণঅভ্যুত্থানের আকঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী শরীয়ার কোনো বিকল্প নেই।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর বাইতুল আমিন মসজিদ চত্বরে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মাকসুদুর রহমান বলেন, "জুলাইয়ের প্রত্যাশা পূরণে এ দেশের মানুষ বারবার জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জনগণ রাজপথে নেমেছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি।"
তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে নারী ও সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ইসলামই একমাত্র পরীক্ষিত জীবনব্যবস্থা।
দেশের চলমান নানা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি মাদরাসা আলিয়াকেন্দ্রিক সাম্প্রতিক সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো জাতিকে চিন্তিত করে তুলেছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরল গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিলে কারচুপি ও মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ ধরনের পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরউদ্দীন খানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সাবেক সম্পাদক কেএম ইয়াসিন রাশেদসানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুফতি আল-আমিন এবং সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন।
সমাবেশশেষে বাইতুল আমিন মসজিদ চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।








