মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৪:১৪

হাজীগঞ্জে ব্যতিক্রমী এক সম্মাননা পেলেন হোসেন মোল্লা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ব্যতিক্রমী এক সম্মাননা পেলেন হোসেন মোল্লা

শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্যে ভিন্নধর্মী এক সম্মাননা পেলেন হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন ক্রেস্ট প্রদান করে এ সম্মাননা জানান। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে উক্ত ক্রেস্ট গ্রহণ করেন হোসেন মোল্লা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ঝরে পড়া, এতিম ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় বাকিলা উচ্চবিদ্যালয়ের একাধিকবারের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটনকে পুরস্কৃত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন জানান, "হোসেন মোল্লা লিটন শিক্ষার্থীদের জন্যে ধারাবাহিকভাবে অসামান্য ভূমিকা রেখে আসছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাঁকে উৎসাহিত করতে আমরা এই বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। তাঁর দেখাদেখি অন্যরাও যেন শিক্ষার্থীদের সহযোগিতায় এভাবে এগিয়ে আসেন, সেটিই আমাদের প্রত্যাশা।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা তালুকদার, অভিভাবক সদস্য এনামুল হক তোহাব, সহকারী প্রধান শিক্ষক সুমন সাহা, সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান ও যুবদল নেতা আবু বকর তফদার প্রমুখ।

উল্লেখ্য, হোসেন মোল্লা লিটন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি তাঁর নিজ এলাকা বাকিলা বাজারে 'ব্লু মুন ক্যাফেটেরিয়া' এবং বাকিলা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে একটি ফাস্টফুডের ব্যবসা পরিচালনা করেন। যার আয়ের পুরো টাকাসহ পেনশনের টাকার বড় একটা অংশ তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পেছনে ব্যয় করেন। এটি এলাকাবাসীর কাছে সর্বজনস্বীকৃত। তিনি শিক্ষার্থীদের খাতা-কলম, বই ও গাইড বই কিনে দেওয়া, অসচ্ছল ও মেধাবীদের প্রাইভেট পড়ার ব্যবস্থা করা, ফরম পূরণের ফি দেওয়া, ঝরে পড়া রোধ করা এবং শিক্ষা সফরে নিয়ে যাওয়ার মতো নানা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। মূলত এসব কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা শিক্ষা প্রশাসন হোসেন মোল্লা লিটনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে উৎসাহিত করেছে।

ছবি ক্যাপশন : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে বাকিলা উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটনকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়