শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০১:০৮

চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানের বক্তৃতায় এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

পৌর কর পরিশোধ করেও সেবা না পেলে জনগণকে নিয়ে পৌরসভার সামনে অবস্থান করবো

আলআমিন হোসাইন
পৌর কর পরিশোধ করেও সেবা না পেলে জনগণকে নিয়ে পৌরসভার সামনে অবস্থান করবো

চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্যে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে শহরের কদমতলা এলাকায় পৌর মাল্টিপারপাস হলে এই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমার সম্পর্ক জনগণের সাথে। তাই শহরের কোথায় কখন জনগণ ভোগান্তি পোহায়, দুর্ভোগে পড়ে, তা আমি সাথে সাথেই জানতে পারি। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়, সেই কর্মকর্তা-কর্মচারীরা জনগণের দুর্ভোগ জায়গায় গিয়ে দেখবে না! তা হতে পারে না। আমি কিন্তু আমার জনগণকে সাথে নিয়ে পৌরসভার সামনে অবস্থান নেবো। তিনি বলেন, পৌরসভার বকেয়া অর্থ এখন বড় চ্যালেঞ্জ। পৌরবাসীর সহযোগিতা ছাড়া এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। তাই সবাইকে সময়মতো পৌর কর ও পানির বিল পরিশোধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পৌরসভায় একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। এর মাধ্যমে চাঁদপুর পৌরবাসীর পাশাপাশি কুমিল্লায়ও পানি সরবরাহ করা হবে। তবে চেষ্টা থাকবে হাইমচরেও এ সুবিধা পৌঁছে দেয়ার।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এমপি মানিক বলেন, পৌরবাসী যেনো সবধরনের সেবা যথাযথভাবে পায়, তা নিশ্চিত করতে হবে। পৌরবাসী জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাবে, আর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তা দেখবে না, জানবে না! তা মেনে নেয়া হবে না। অতিবৃষ্টিতে শহরের কোথায় কোথায় জলাবদ্ধতা হয় তা যদি আমি চাঁদপুর না থেকেও জানতে পারি, দেখতে পাই, তাহলে পৌরসভার দায়িত্বশীলরা তা দেখতে পাবে না কেনো? জানতে পারবে না কেনো? তারা কেনো অফিসে বসে থাকবেন।

তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, পৌরবাসী হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেও যদি সঠিক সেবা না পায়, তাহলে আমি জনগণকে সঙ্গে নিয়ে পৌরসভার সামনে অবস্থান করবো। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন।

তিনি বলেন, চাঁদপুর শহরের এসবি খাল অগ্রাধিকার ভিত্তিতে দখলমুক্ত করতে হবে। কোনো পয়ঃনিষ্কাশনের লাইন খালে দেয়া যাবে না। রাস্তার পাশের ভবন নির্মাণে পৌরসভার তদারকি নিশ্চিত করতে হবে। আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে হবে।

বর্তমান পৌর প্রশাসককে উদ্দেশ করে তিনি বলেন, বদলির আগে কর্মচারীদের সব বকেয়া পরিশোধ করে গেলে অনেক পরিবার উপকৃত হবে।

এমপি মানিক আরও বলেন, পুরাণবাজার রণাগোয়াল এলাকাকে নান্দনিকভাবে গড়ে তুললে সেটি পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। সেখানে জায়গায়ও আছে। একইভাবে হাইমচরের তেলিরমোড় এলাকায়ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, যানজট কমাতে দুটি নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পৌর এলাকার খাল রক্ষায় পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

উন্মুক্ত আলোচনায় বক্তারা শহরের লেকগুলোকে আধুনিকায়ন, পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা, যানজট নিয়ন্ত্রণ, পাবলিক টয়লেট স্থাপন, পৌর শিশুপার্ক সচল, সড়কবাতি মেরামত, দাতব্য চিকিৎসালয় চালু, সব খাল পুনঃখনন ও দখলমুক্ত করা, প্রেক্ষাগৃহ নির্মাণ, সাইনবোর্ডে রাজস্ব নির্ধারণ, খেলার মাঠের ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত করা, হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত, ডাস্টবিন স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সবশেষে পৌরসভার অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অবসর ভাতা ও পেনশনের টাকার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাফেজ জাকির হোসেনের কোরআন তেলাওয়াতচন্দন ঘোষের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়