প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৫:১৩
চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের প্রস্তুতিমূলক সভা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় জাতীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা জানান, ফ্যাসিস্ট শক্তি ছাড়া জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব স্টেকহোল্ডার, জামায়াত, এনসিপি, ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিতে একসঙ্গে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কারণে মতপার্থক্য থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আলোচনা ও কর্মসূচিতে অংশ নিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ।
এ ছাড়া সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে চাঁদপুরে সুসংহত ও ব্যাপক কর্মসূচি গ্রহণের বিষয়ে উপস্থিত সবাই ঐকমত্য পোষণ করেন।








