বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯:৪০

জনতা উচ্চ বিদ্যালয়ে সীমানা দেয়াল না থাকায় যানবাহন প্রবেশ করছে

সোহাঈদ খান জিয়া।।
জনতা উচ্চ বিদ্যালয়ে সীমানা দেয়াল না থাকায় যানবাহন প্রবেশ করছে
জনতা উচ্চ বিদ্যালয়ে সীমানা দেয়াল না থাকায় এভাবেই বিদ্যালয়ের মাঠে যানবাহন প্রবেশ করে মাল লোড-আনলোড করছে।

বাগাদী পশ্চিম সকদী জনতা উচ্চ বিদ্যালয়টি যেনো অভিভাবকহীন। এর দেখভাল করার মতো যেনো কেউ নেই। বিদ্যালয়ের মাঠটি যে যার মতো করে ব্যবহার করছে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কোনো নিরাপত্তা নেই। বিদ্যালয় মাঠের উপর দিয়েই মালামাল নিয়ে চলাচল করছে পিক-আপ, মিনি ট্রাক ও ট্রাক্টর। ক্লাস চলাকালীনও এমন অরাজকতা চলে। বিদ্যালয়টির কোনো সীমানা দেয়াল না থাকায় মাঠটি এভাবেই স্থানীয়রা যেমন খুশি তেমন ব্যবহার করে থাকে। অথচ বিদ্যালয় ম্যানেজিং কমিটি আছে। তারা শুধু পদ নিয়েই বসে থাকে। বিদ্যালয়ের নিরাপত্তায় কোনো ভূমিকা রাখছে না।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের ২নং ওয়ার্ডে অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয়। যেটি প্রতিষ্ঠা করেন আনোয়ার হোসেন পাটোয়ারী নামে একজন শিক্ষানুরাগী সমাজহিতৈষী। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে সুনামের সাথে চলে আসছে। বিদ্যালয়টির সীমানা দেয়াল না থাকার কারণে পাশের জমিতে চাষাবাদ করা আখ ও পাটসহ বিভিন্ন পণ্য বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে পরিবহন করা হয়। এতে করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা করছে। তাই বিদ্যালয়টির সীমানা দেয়াল নির্মাণ একান্ত জরুরি বলে মনে করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, বিদ্যালয়ের সীমানা দেয়াল প্রয়োজন। বিদ্যালয় মাঠের উপর দিয়ে ভারি যানবাহনে করে বিভিন্ন মালামাল আনা-নেয়া করা হয়ে থাকে। এতে করে আমরা আতঙ্কে থাকি, কখন আবার আমার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক দুর্ঘটনার শিকার হয়ে বসেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও ইউপি সদস্য মুনসুর খান বলেন, বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল দেয়া জরুরি। খেলার মাঠের ওপর দিয়ে ট্রাক ও ট্রাক্টরে করে বিভিন্ন মালামাল আনা-নেয়া করা হচ্ছে। এটা সম্পূর্ণ অনিয়ম এবং বিদ্যালয়ের জন্যে অনিরাপদ।

এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দিন পাটোয়ারী ভুট্টাে বলেন, আমার বিদ্যালয়ে সীমানা দেয়াল দেয়া একান্ত জরুরি। সীমানা দেয়াল না থাকায় বিদ্যালয়ের খেলার মাঠের উপর দিয়ে মালামাল নিয়ে ট্রাক, পিকআপ ও ট্রাক্টর চলাচল করে থাকে। এভাবে যানবাহন চলাচল করলে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মাঠের উপর দিয়ে যানবাহন চলাচল ঠিক নয়।

বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা ও যানবাহন প্রবেশ বন্ধে একটি সীমানা দেয়াল খুবই জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়