মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২:৩৩

সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই

-----মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার।।
সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মো. মোশারফ হোসাইন বলেছেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিচর্চা একটি জাতিকে আলোকিত করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় আয়োজিত সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশারফ হোসাইন বলেন, “খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিচর্চার বিকাশের মাধ্যমে সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তরুণদের সুস্থ বিকাশে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে, চাঁদপুর পৌরসভার সবচেয়ে অবহেলিত এলাকাগুলোর একটি হলো ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী। এখানকার মানুষ এখনও বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা সত্যিই দুঃখজনক। মহান আল্লাহ যদি আমাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে এ এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে বিশেষ গুরুত্ব দেব। জনগণের করের টাকায় শতভাগ নাগরিকসেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আমি পৌরসভার মেয়র হতে নয়, পৌরবাসীর সেবক হতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য চাঁদপুর পৌরসভা গড়ে তুলতে কাজ করব। প্রতিটি ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যা ও নাগরিক দুর্ভোগ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।”

বক্তব্যে তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একটি আধুনিক ও উন্নত চাঁদপুরের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন যোগ্য পৌর মেয়রের প্রয়োজন। আমি মহান আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেন এমন একজনকে পৌরসভার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন, যার মাধ্যমে চাঁদপুরবাসীর উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত হয়।”

এর আগে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে জুনিয়র একাদশকে ৩-০ গোলে হারিয়ে সিনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাশেষে প্রধান অতিথি মো. মোশারফ হোসাইন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রোটন। সহকারী রেফারি ছিলেন লিটন পাটোয়ারী ও হাবিব তহসিলদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর বাগাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম পাঠান, মুজিব তহসিলদার, মালেক তহসিলদার, খালেক পাটোয়ারী, দেলু তহসিলদার, স্বপন গাজী, লিটন পাটোয়ারী, মাইনুদ্দিন পাটোয়ারী, হানিফ পাটোয়ারী, নান্টু পাটোয়ারী, হামিদ পাটোয়ারী, আজিত পাঠান, হাবিব তহসিলদার, মোস্তফা হালদার, কবির তহসিলদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি ক্যাপশন: চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় অনুষ্ঠিত সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি আলহাজ মো. মোশারফ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়