প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৬:৩০
বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতার আশ্বাস

চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাবুরহাটের দু শো বছরের ঐতিহ্যবাহী বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মসজিদের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা, উন্নয়নের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কমিটির সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, বাবুরহাট একটি গুরুত্বপূর্ণ উপশহর এবং বায়তুল ফালাহ জামে মসজিদ এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মুসল্লি এখানে নামাজ আদায় করেন। জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদের ঐতিহ্য ও জনস্বার্থ বিবেচনায় জেলা পরিষদের পক্ষ থেকে এর অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও জানান, মসজিদের উন্নয়নের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ এ.টি.এম. মহিউদ্দিন (আবু মাল), মো. আরশাদ মজুমদার, মো. মনির পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ মেহেদী হাসান মাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য।
সাক্ষাৎ শেষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মসজিদের বিভিন্ন সমস্যা ধৈর্যসহকারে শোনা এবং উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানানো হয়। কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সহযোগিতায় ঐতিহ্যবাহী এ মসজিদের অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা আরও সহজ ও সুষ্ঠু হবে।








