প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৬:২৩
নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

|আরো খবর
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ডা. এম এ তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্যাহর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন।
সমাবেশে প্রধান অতিথি ডা. এম এ তাহের বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভ তৈরি হয়েছিলো।
একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো।
এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চলা অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত ও সমালোচনাকে অনভিপ্রেত আখ্যা দিয়ে তার পক্ষে অবস্থান নেন শিক্ষক ও অভিভাবকরা।
তিনি আরও বলেন, ভাইরাস রূপে ছড়িয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত, দুর্নীতিমুক্ত করতে, ডিজিটাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নেই। তিনি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্যে সকল অভিভাবককে সচেতন থেকে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. সুমন খান, সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের মিয়াজি, জমির হোসেন, হেলাল আল মামুন, সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. হেদায়েত উল্লাহ, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, আহসান উল্যাহ পাটোয়ারীসহ আরো অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সংবর্ধনা সমাবেশে সংবর্ধনা-উপহার প্রদান করছেন ডা. এম এ তাহের।








