প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:১৬
ছেংগারচর পৌরসভার ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা
পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য
: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
|আরো খবর
বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও ইউএনও মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানসহ সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তাগণ।
বাজেটে রাজস্ব আয় হিসেবে দেখানো হয় গৃহ কর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ফি, নকশা অনুমোদন ফি, হাট-বাজার ইজারা ও অন্যান্য সেবা হতে আয় ৬ কোটি ১ লক্ষ ৩৬ হাজার ৩৪০ টাকা। আর পানি হতে আয় ২৩ লক্ষ টাকা।
পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ, মাদকমুক্ত সমাজ গড়তে প্রচারণাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে।পৌরবাসীকে আরও উন্নত, আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়। সভায় নাগরিক সেবা, পানি সংকট নিরসন, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প চলাচলে বিঘ্ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ছেংগারচর পৌরসভা ৯টি ওয়ার্ড ও ৪১টি মহল্লায় বিভক্ত। পৌরসভাটি বর্তমানে 'ক' শ্রেণির মর্যাদাভুক্ত।








