প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৪৭
গাজী সড়কে কাজের অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী

চাঁদপুর শহরের ট্রাকরোড সংলগ্ন গাজী সড়কে রাস্তায় ব্লক বসানোর কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে কাজ চলাকালে এলাকাবাসী আপত্তি জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করতে বাধ্য করে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, গাজী সড়কের একপাশ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড এবং অপর পাশ ১২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ট্রাকরোড থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার এই সড়কটি দীর্ঘদিন ধরে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী ছিলো। এই ভোগান্তি দূর করতে সাবেক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সময়ে রাস্তার মাঝখান দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হয়। বর্তমানে ড্রেনের দু পাশের ফাঁকা অংশে ব্লক বসানোর কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকী এন্টারপ্রাইজ। তবে স্থানীয়দের বক্তব্য, ব্লকের পরিবর্তে আরসিসি ঢালাই করা হলে সড়কটি বেশি টেকসই হবে। তাদের দাবি, ভারী ট্রাক ও যানবাহন চলাচলের কারণে ব্লকের রাস্তা দ্রুত দেবে যেতে পারে, ফলে দুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয় বাসিন্দা শুক্কুর গাজী, সুমন গাজী ও সেলিম ঢালী বলেন, আমরা ব্লকের কাজ চাই না। এই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করে। তাই ব্লকের পরিবর্তে আরসিসি ঢালাই করা হলে সেটিই দীর্ঘস্থায়ী ও জনগণের জন্যে উপযোগী হবে।
এ বিষয়ে লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, এটি সরকারি প্রকল্পের কাজ। প্রকল্পের নকশা ও নির্দেশনা অনুযায়ীই কাজ করা হচ্ছে।
চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার বলেন, স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ করেছেন। বিষয়টি সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








