প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২৩:০৫
প্রযুক্তি, নৈতিকতা ও ফলের সৌরভে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে নবীন বরণ ও ফল উৎসব

শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, সম্প্রীতি ও ইতিবাচক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব ও নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) কলেজের ইউনুস খান অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
|আরো খবর
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ। সিএসই বিভাগের নবীন শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব 'ইনডোর প্লান্ট' (গৃহমধ্যস্থ চারাগাছ) তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সাথে সিএসই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরাও নবীনদের বিভিন্ন উপহার প্রদান করে আন্তরিক শুভেচ্ছা জানায়, যা অনুষ্ঠানটিতে এক আবেগঘন ও ভিন্নমাত্রার আবহ তৈরি করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিএসই বিভাগের কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও, ক্যাম্পাসে আয়োজিত ফল উৎসব প্রতিযোগিতা’য় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বাংলার ঐতিহ্যবাহী ফল চেনার ও আস্বাদনের এই উৎসব এবং নতুনদের বরণ করে নেওয়ার এই প্রাণবন্ত আয়োজনটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








