প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯
হাইমচরে জাটকা রক্ষায় প্রশাসনের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

হাইমচরে জাটকা নিধন প্রতিরোধ ও ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান জাটকা সংরক্ষণ মৌসুম সফল করা। জেলেরা যাতে জাটকা নিধন থেকে বিরত থাকে এবং সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হয়, সে লক্ষ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেয়া হয়।
সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে জাটকা রক্ষায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও অমিত রায় বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ ও জাটকা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ অভিযানকে আরও বেগবান করবে।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় সম্পদ রক্ষায় দল-মত নির্বিশেষে কাজ করা প্রয়োজন। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি কেউ যাতে অবৈধভাবে জাটকা নিধন করতে না পারে, সে ব্যাপারে তারা মাঠ পর্যায়ে তদারকি ও প্রশাসনকে সহায়তা করবেন।
উল্লেখ্য, জাটকা রক্ষায় বর্তমানে নদীতে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আজকের এই সমন্বিত সভার ফলে হাইমচর এলাকায় জাটকা বিরোধী অভিযান আরও সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








