প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৭:৫০
মতলবে যাকাতের কাপড় বিতরণকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও লুটপাট, আটক ২

মতলব দক্ষিণ উপজেলায় গরীবের যাকাতের কাপড় ধনী পরিবারের মাঝে বিতরণ করাকে কেন্দ্র করে বাড়ি-ঘর ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সোহাগ পাটওয়ারী (৪৩) ও রুবেল পাটওয়ারী (৩৫) নামের দু ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) রাতে উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা গ্রামের সরকার বাড়ি ও বাজারে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শুক্রবার (২০ মার্চ) চাঁদ রাতে ওই এলাকার সোহাগ পাটওয়ারী তার ঈদকার্ড সহ গরীবের যাকাতের কাপড় এলাকার ধনী পরিবারের মাঝে রাতের আঁধারে ঘরে ঘরে পৌঁছে দেন। পরে সোমবার সোহাগ পাটওয়ারী বাজারে আসলে ধনী পরিবারের লোকজন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। ওই এলাকার তোফায়েল সরকার মন্টু তাকে নিয়ে বাড়ি দিয়ে আসে। পরে সোহাগ পাটওয়ারী ও তার ভাই রুবেল পাটওয়ারী, সানি পাটওয়ারীসহ ঘিলাতলী ও বাড়ৈগাঁও এলাকার ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কামাল হোসাইন, আ. হক সরকার, জাহাঙ্গীর সরকার, জহিরুল হক সরকার, শাহআলম সরকারের বাড়িঘর এবং তোফায়েল সরকার মন্টুর দোকানে হামলা, ভাংচুর করে।
ভূক্তভোগী রাবেয়া বেগম জানান, চাঁদ রাতে সোহাগ পাটওয়ারীর লোকজন আমার ঘরসহ অন্যান্য ঘরে সকলের অগোচরে যাকাতের কাপড়সহ ঈদ কার্ড দিয়ে যায়। এ বিষয়ে ঘটনার দিন জিজ্ঞাসাবাদ করলে আমাদেরকে গালাগাল দেয়। পরবর্তীতে সোহাগ পাটওয়ারী বাজার থেকে সরে গিয়ে ঘিলাতলী ও বাড়ৈগাঁও এলাকার সোহাগের ভাগিনা হাবিব বকাউলসহ ওই এলাকার ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। আমার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে যায়। এছাড়াও আমাদের সরকার বাড়ির বেশ ক'টি ঘরে হামলা করে ক্ষতিগ্রস্ত করে।
আটক সোহাগের ভাগিনা হাবিব বকাউল জানান, আমার মামা ওই ইউনিয়ন থেকে মেম্বার পদপ্রার্থী। ঈর্ষান্বিত হয়ে আমার মামাসহ অন্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, যাকাতের কাপড় ধনীদের মাঝে বিতরণ করাকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনায় কামাল হোসাইন সরকারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হামলাকারীদের মধ্যে সোহাগ ও রুবেলকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








