রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬

বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জে বিএনপি হারেনি, বিএনপিকে হারানো হয়েছে

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে বিএনপি হারেনি, বিএনপিকে হারানো হয়েছে
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিএনপির ঘাঁটি ফরিদগঞ্জে কখনো বিএনপি হারেনি। তাই বলবো, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে ধানের শীষ তথা বিএনপিকে হারিয়ে দেয়া হয়েছে। কে কীভাবে কী করেছে, তা আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কারচুপি করা হয়েছে। এছাড়া কারা দলের সাথে বেঈমানি করেছে, প্রতীকের সাথে মোনাফেকি করেছে, তারা চিহ্নিত। আর কারা নির্বাচনের আগে নিজের কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে বড়ো বড়ো কথা বলেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন, তারাও চিহ্নিত। তাই তারা সতর্ক ও সাবধান হয়ে যান। আপনারা ধানের শীষকে হারান নি, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের কর্মীদের রক্তঝরানো ঘাম এবং তিন যুবদলের কর্মীর আত্মাহুতির প্রতি অবজ্ঞা করেছেন।

এই ফরিদগঞ্জে পতিত আওয়ামী লীগের দাপটের সময়েও বিএনপি জিতেছে। তাই সাধারণ মানুষ যারা বিএনপির প্রতি পাগল, তারা ধানের শীষকে ঠিকই ভোট দিয়েছে। তারা ধৈর্য ধরুন, আমি আপনাদের পাশে রয়েছি। এখন সামনে দেখার পালা। আমাদের দলের চেয়ারম্যান ও এদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো।

তিনি বলেন, ফরিদগঞ্জে দলকে নতুনভাবে সাজানো হবে। যারা ব্যর্থ, তাদের পরিবর্তে ত্যাগী ও পরীক্ষিত এবং যারা দলের জন্যে সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত তাদের নিয়েই ফরিদগঞ্জের আগামীর বিএনপির পথচলা শুরু হবে। বিএনপির প্রতি যারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তাদের স্থান বিএনপিতে হবে না। তারেক রহমানের বিএনপির কোনো কর্মীর গায়ে হাত দিলে খবর আছে। এতোদিন সহ্য করেছি, আর সহ্য করবো না। আগামীর ফরিদগঞ্জ বিনির্মাণে ধানের শীষের কর্মীরাই নেতৃত্ব দিবে, অন্য কেউ নয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগলো বলেন। উপজেলা সদরের মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবকে যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন মো. আল আমিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানী, টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়