রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯

কৃতী শিক্ষার্থীদের গণি-আয়েশা ফাউন্ডেশনের সংবর্ধনা

মেধাবীদের স্বীকৃতি দেয়া মানে একটি প্রজন্মকে এগিয়ে নেয়া :

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মেধাবীদের স্বীকৃতি দেয়া মানে একটি প্রজন্মকে এগিয়ে নেয়া :

চাঁদপুরে গণি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় চাঁদপুর শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই খুদে শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ। একটি শিশুকে সম্মান দেওয়া মানে তার আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। এই সংবর্ধনা তাদের মনে নতুন স্বপ্ন বুনে দেবে।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের জন্যে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রয়োজন। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিনটি শক্তি একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভাকে বিকশিত হতে দিন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করতে হবে।”

গণি-আয়েশা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। মেধাবীদের স্বীকৃতি দেওয়া মানে একটি প্রজন্মকে এগিয়ে নেওয়া। আমি আশা করি, ভবিষ্যতেও এই ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনা করবে।”

পুরান বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সিনিয়র সাংবাদিক মো. নেয়ামত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, ফাউন্ডেশনের সদস্য আনোয়ার হোসেন বাবলু, পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর সমাজসেবা কর্মকর্তা অনুপ মন্ডল, ফাউন্ডেশনের সদস্য রওশন আরা, আনোয়ার হোসেন বাবলু ও ফেরদৌসী বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

২০২৫ সালে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯ জন, সাধারণ গ্রেডে ৫৪ জন এবং বিশেষ বিবেচনায় ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে এসব বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র, প্রাইজ বন্ড ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অতিথিবৃন্দ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়