শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২

আজ বসন্ত ও ভালোবাসার দিন

মোস্তফা কামাল সুজন
আজ বসন্ত ও ভালোবাসার দিন

বাতাসে বইছে মিষ্টি এক আনন্দের আমেজ। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে প্রস্তুত প্রকৃতি। গাছে গাছে উঁকি দেওয়া কচিপাতা জানান দিচ্ছে দখিন দুয়ারে হাজির হয়েছে বসন্ত। আজ পয়লা ফাল্গুন। শুরু হলো ঋতুরাজ বসন্তের দিন। ফাগুন হাওয়ায় ভালোবাসাও কড়া নাড়ছে দরজায়। এ যেন বসন্ত হাওয়ায় রঙিন ভালবাসা। আজ ফাগুন হাওয়ায় হৃদয় নিংড়ানো ভালোবাসা ছড়িয়ে পড়বে হৃদয় থেকে হৃদয়ে। কোকিলের কুহুতান মন মাতাবে আজ ভালোবাসার দিনে।

আজ ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। আজ হৃদয় আপ্লুত হবে প্রাণভরা ভালোবাসায়। হাতে হাত আর চোখে চোখ রেখে, প্রেমিক-প্রেমিকা একে অপরকে বলবে ‘ভালবাসি, বড়ো বেশি ভালবাসি তোমাকে’। বাসন্তী রঙা শাড়ির সঙ্গে খোঁপায় গুঁজে রাখা ফুল ছড়াবে ভালবাসার সৌরভ। প্রেমিকার স্পর্শে প্রেমের স্নিগ্ধতায় বিভোর হবে প্রেমিকের মন। লাল আর বাসন্তী রঙে নিজেদের সাজিয়ে বসন্ত ও ভালোবাসার উচ্ছলতা ও উন্মাদনা চলবে সর্বত্র। ভালবাসার প্রতীক ফুলের দোকানে দিনভর ভিড় থাকে তরুণ-তরুণীর। একে অপরের জন্যে কিনে নেয় গোলাপ, গাঁদাসহ নানা ধরনের রঙিন ফুল। এদিন ভালোবাসার মানুষের জন্যে অনেকে নানা পরিকল্পনা সাজিয়ে রাখে। তবে ভালোবাসা দিবস শুধু প্রেমিক- প্রেমিকা বা স্বামী-স্ত্রীর জন্যে নয়। মা, বাবা, ভাই, বোন, প্রিয় সন্তানের সাথেও ভালোবাসা দিবসটি উদযাপন করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়