প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২
চাঁদপুর-৩ আসনের লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ ও উঠান বৈঠক
দাঁড়িপাল্লা ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক
------অ্যাডভোকেট শাহজাহান মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
|আরো খবর
গণসংযোগকালে বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়-ইনসাফ, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এ দেশের মানুষ আর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য চায় না।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে আমি চাঁদপুর-৩ আসনকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়, এটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরিবর্তনের প্রতীক হিসেবে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।"
কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক জিপি ও জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আবু মো. সালেহ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইম এবং চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড জামায়াত যুব বিভাগের সভাপতি তুহিন আহমেদ মাইনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ কবির হোসাইন খান, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হোসেন খান, ইউনিয়ন সেক্রেটারি এনামুল কবিরসহ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা প্রার্থীকে ঘিরে পথসভা ও গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।








