প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬
আজ চাঁদপুর স্টেডিয়ামে খেলবে আবাহনী ও ওয়ান্ডারার্স
ফকিরাপুলের সাথে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সাথে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
|আরো খবর
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে মুখোমুখি হয় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়াংম্যানস ক্লাব।
গতকালকের খেলা দেখার জন্য প্রচুর দর্শক এসেছেন চাঁদপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামের দুটি গ্যালারিতে দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। গ্যালারি দুটি দর্শকে ভরপুর ছিল। বহুদিন পর চাঁদপুর স্টেডিয়াম এমন দর্শক দেখেছে।
খেলার শুরু থেকেই ফকিরাপুল মোহামেডানকে কিছুটা আক্রমণে রাখলেও প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মোহামেডানের অধিনায়ক, উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার কিক থেকে হেডে গোল করে মোহামেডানের জাহিদুল ইসলাম শান্ত দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে ফকিরাপুল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের দক্ষতার কারণে বেশ ক'টি সুযোগ হাতছাড়া করে ফকিরাপুলের গাম্বিয়ান ফুটবলার সোলেমান সিলা। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
গত ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের ৫টি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লীগের শুভ সূচনা ঘটে।
খেলাশেষে উপস্থিত অতিথিদের মাঝে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান মো. সফিকুজ্জামান, সদস্য মাহবুবুর রহমান শাহীন, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ক্রীড়া সংগঠক শাহেদুল হক মোর্শেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পোর্টস পরিচালক মুস্তাকুর রহমান, সাবেক গোলকিপার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য কানন, রিয়াজ, টিম ম্যানেজার আরমান আজিজ, ক্লাবের সদস্য আজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য নজরুল ইসলাম শেকুল, শামীম আখতার ফারুকী ও শহিদুল আলম জুয়েলসহ অন্যরা।
ডিসিকে /এমজেডএইচ








