বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬

চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল লিগ

শুক্রবার মুখোমুখি মোহামেডান ও ফকিরাপুল

চৌধুরী ইয়াসিন ইকরাম
শুক্রবার মুখোমুখি মোহামেডান ও ফকিরাপুল

বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচ দেখতে যাচ্ছে চাঁদপুর

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় ম্যাচ দেখতে যাচ্ছে চাঁদপুর। আগামীকাল শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর আড়াইটায় চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, দু দলেই বাংলাদেশের জাতীয় দলের তারকা ফুটবলারদের পাশাপাশি নাইজেরিয়া, নেপাল ও অস্ট্রেলিয়ার বিদেশি ফুটবলাররা মাঠে নামবেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্য দিয়ে বিএফএলের উদ্বোধনী পর্বের খেলা শুরু হয়। টুর্নামেন্টের প্রথম পর্বে দেশের সাতটি ভেন্যুতে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১২টি ম্যাচের আয়োজন করবে চাঁদপুর স্টেডিয়াম।

আগামী শনিবার (৩ অক্টোবর ২০২৬) একই ভেন্যুতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ঢাকা। এছাড়া আগামী ১৬ জানুয়ারি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে চাঁদপুরের ভেন্যুর প্রথম পর্বের খেলা শেষ হবে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জনু জানান, জাতীয় পর্যায়ের এই আয়োজনকে ঘিরে জেলা ক্রীড়া সংস্থা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবারের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

তিনি আরও আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ের এই আয়োজন স্থানীয় দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি চাঁদপুর থেকে নতুন প্রজন্মের জাতীয় মানের ফুটবলার তৈরি করতে বড় ভূমিকা রাখবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়