মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫

প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ

মিশরে কওমি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

আফছার হোসাইন

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ (আওসবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আওসবি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’।

শারীরিক সুস্থতা, সুস্থ সংস্কৃতির চর্চা এবং শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানী কায়রোর তাব্বার কুবরি মাঠে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে দিনব্যাপী এ আয়োজন। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৮টি দল মোট ১২টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

সেমিফাইনালে ‘ব্লু লক’ বনাম ‘লিজেন্ডস ওয়ারিয়র্স’ এবং ‘সোকরুল কাহেরা’ বনাম ‘কিং অব তাব্বা’র মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে ওঠে ‘ব্লু লক’ ও ‘কিং অব তাব্বা’। ফাইনালে ব্লু লককে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিং অব তাব্বা।

দর্শকদের উন্মাদনা ও করতালিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেলে শিশু-কিশোরদের জন্য দৌড় প্রতিযোগিতা ও চকলেট কুড়ানোসহ নানা আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়।

মাগরিবের নামাজের পর শুরু হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পর্ব। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান ও যুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওসবির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, উপদেষ্টা মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল আজিজ তরফদার, সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামান এবং প্রবীণ শিক্ষার্থী আব্দুল্লাহ সোহাগসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব বলেন, “আর মাত্র দুই সপ্তাহ পর গ্রীষ্মকালীন ছুটি শেষে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যেন নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেই অনুপ্রেরণা জোগাতেই এ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।”

তিনি সুন্দর ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য সাংস্কৃতিক বিভাগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করেন।

টুর্নামেন্টে ‘ব্লু লক’ দলের তামীম হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং তাকে বিশেষ মেডেল প্রদান করা হয়। রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে রৌপ্য পদক এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের স্বর্ণপদক তুলে দেওয়া হয়। পরে দু দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় কাঙ্ক্ষিত শিরোপা।

পুরস্কার বিতরণ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং দর্শকদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে—প্রবাসের মাটিতে যেন ফুটে ওঠে এক টুকরো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়