মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ফরিদগঞ্জের গর্ব ফুটবলার জায়ান

ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ফরিদগঞ্জের গর্ব ফুটবলার জায়ান

যুক্তরাষ্ট্রের মাঠ কাঁপিয়ে জন্মভূমির টানে লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন জাওয়ান (জায়ান) আহমেদ। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও নাড়ির টানে আজ তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের মূল ভরসা। তরুণ এই লেফট-ব্যাক তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন দেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের নয়াহাট বাজারের ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান জায়ান। তিনি চির্কা চাঁদপুর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব খলিলুর রহমানের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের নাতি এবং শরীফ আহমেদ সরকারের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ সন্তান জায়ানের ফুটবলে উঠে আসার পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবা শরীফ আহমেদের। সাবেক এই ফুটবলার নিজে ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে ‘ইস্কাটন সবুজ সংঘের’ হয়ে খেলেছেন। বাবার কঠোর অনুশাসন আর সঠিক নির্দেশনায় মাত্র ২০ বছর বয়সেই পরিপক্ব এক ফুটবলারে পরিণত হন জায়ান।

আমেরিকার ভার্জিনিয়ায় ২০০৪ সালের ২৯ জানুয়ারি জন্মগ্রহণ করা জায়ান পড়াশোনার পাশাপাশি সেখানকার কলেজ ফুটবলে নিজের মেধার স্বাক্ষর রাখেন। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভার্জিনিয়া টেক এবং জর্জ মেসন ইউনিভার্সিটির হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন তিনি। যুক্তরাষ্ট্রে সফলতার পথ ধরে ২০২৩ সালে প্রথম ট্রায়াল দিতে বাংলাদেশে আসেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে তার অভিষেক হয়।

তরুণ এই ডিফেন্ডারের আন্তর্জাতিক অঙ্গনে মূল অভিষেক ঘটে ২০২৫ সালের ৯ অক্টোবর। ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিনিয়র জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামেন তিনি। জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করেছেন জায়ান; ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সংযুক্ত আরব আমিরাতের সেকেন্ড ডিভিশন লিগের ক্লাব ‘রিমাল আল-সাহরা এসসি’তে যোগ দেন।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এএফসি কাপে খেলছেন জায়ান। একই সাথে ২০২৬ সালের আগস্টে ঘোষিত আসিয়ান কাপের (আসিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ) জন্য বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদপুরের লালন করা ঐতিহ্য আর প্রবাসে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জায়ান আহমেদ বাংলাদেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা দেশের ফুটবলপ্রেমীদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়