প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫
ফরিদগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন

ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর দক্ষিণ রূপসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ কাউনিয়া (পশ্চিম) উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট, ২০২৬) স্থানীয় কাউনিয়া গ্রামের এই খেলার মাঠে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ড. মো. শাহ আলম ভূঁইয়া (লাভলু)। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ডা. এম জি ফারুক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা দেখতে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষের সমাগম ঘটে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।







