প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:৫০
'জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল
--শফিউল আলম বাবু

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক ও অভিনয়শিল্পী শফিউল আলম বাবু বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, চার বছর অপেক্ষার পর আবারও ফুটবল বিশ্ব মেতে উঠেছে মহা উৎসবে। বিশ্বকাপকে ঘিরে এখন চারদিকে তুমুল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম--সর্বত্র চলছে প্রিয় দল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক, জার্সি ও পতাকার উচ্ছ্বাস।
তিনি বলেন, একজন বাংলাদেশি হিসেবে স্বাভাবিকভাবেই মন টানে এশিয়ার কোনো উদীয়মান শক্তির দিকে। আবার ধর্মীয় ও আত্মিক অনুভূতির কারণে কোনো ইসলামিক দেশের সাফল্যও আনন্দ দেয়। ভৌগোলিক ও মানসিক এই টানকে অস্বীকার করার সুযোগ নেই।
তবে কিছু ভালোবাসা থাকে, যা কোনো যুক্তি মানে না, কোনো সীমারেখা চেনে না।শফিউল আলম বাবু বলেন, আজ থেকে দীর্ঘ তিন যুগ আগে শৈশবের কোনো এক সোনালি বিকেলে হলুদ-সবুজ জার্সিধারী একটি দলের প্রেমে পড়েছিলাম। সেই ভালোবাসা আজও অটুট রয়েছে। সাম্বা ফুটবলের ছন্দ, পেলের ঐতিহ্য আর ব্রাজিলিয়ান ফুটবলের জাদুকরি সৌন্দর্য আমাকে যে মুগ্ধতায় বেঁধেছিলো, সময়ের প্রবাহে তা একটুও ম্লান হয়নি।
তিনি আরও বলেন, তিন দশকের বেশি সময় কম নয়। এ সময়ে ফুটবলে এসেছে বহু পরিবর্তন, বদলেছে প্রজন্ম, পরিবর্তন হয়েছে খেলার ধরণ। কিন্তু আমার হৃদয়ের সেই চিরচেনা হলুদ-সবুজ রং কখনো বদলায়নি। ফুটবল নিয়ে এই আবেগের ব্যাখ্যা অনেকেই খুঁজতে চান, কিন্তু ভালোবাসার কি কোনো হিসাব-নিকাশ থাকে?
এবারের বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ বিশ্বকাপেও আমার আদি ও অকৃত্রিম আবেগ কেবল ব্রাজিলকে ঘিরেই। তারা মাঠে নামলে আজও বুক ধড়ফড় করে, গোল হলে সেই পুরোনো উল্লাসে মেতে উঠি। সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দিনের শেষে আমার একটাই কথা, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। এই ভালোবাসা কোনো ট্রফি কিংবা জয়-পরাজয়ের সমীকরণে মাপা যায় না। এটি আমার আজীবনের এক নিখাদ আবেগ ও ভালোবাসার নাম।








