প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:৫৮
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি
---------------চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় এ তথ্য জানান।
|আরো খবর
বিবৃতিতে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার লগ্ন থেকেই সকল ধর্ম ও বর্ণভিত্তিক সহাবস্থান নিশ্চিত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি সব সময় সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”
অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে কিছু নেই; আমরা সবাই এ দেশের সমান নাগরিক। আমরা একে অপরের সুখে-দুঃখে অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব।”
পূজা উপলক্ষে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় স্থানীয় নেতাকর্মী ও দলীয় স্বেচ্ছাসেবক টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়া জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের কাছে বিএনপির দায়িত্বশীল নেতাদের ফোন নম্বর পৌঁছে দেওয়া হয়েছে।
প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমি এবং আমাদের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ছাড়াও স্থানীয় মাননীয় সংসদ সদস্য ও উপজেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলছি। মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ড. জালাল উদ্দিন আহমেদ এমপি, ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি এবং এম.এ. হান্নান সাহেবসহ সবাই বর্তমানে মাঠে রয়েছেন। দুর্গাপূজার পুরো উৎসবজুড়ে শতভাগ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে আমরা মাঠে থাকবো, যাতে কোনো বিঘ্ন ছাড়াই উৎসব সম্পন্ন হতে পারে।”
পূজা উৎসবকে ঘিরে অপশক্তির ষড়যন্ত্র ও আশঙ্কার কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অতীতে যারা রাজনৈতিক ও নির্বাচনী ময়দানে পরাজিত হয়েছে, তারা এই উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর অপচেষ্টায় লিপ্ত থাকতে পারে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপশক্তি ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশ চক্রান্ত করছে। তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—কোনো অবস্থাতেই যেন কোনো চক্রান্তকারী বা অপশক্তি হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত হানতে না পারে, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ কঠোর ও সজাগ থাকবে।”
পূজা চলাকালীন যে কোনো ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পরিশেষে, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশাপাশি চাঁদপুরের সর্বস্তরের জনগণকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
ডিসিকে /এমজেডএইচ







