প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭
আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক
আমরা সবাই মিলে আশিকাটি ইউনিয়নটিকে দুর্নীতিমুক্ত করবো
------শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর - হাইমচর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত আশিকাটি ও বিকেলে লক্ষ্মীপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি ।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, একটি সুন্দর দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত করতে হবে সকল কিছু।দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নিচ থেকে আগে আরম্ভ হবে। আমরা সবাই মিলে আশিকাটি ইউনিয়নটিকে দুর্নীতিমুক্ত করবো। যেখানে দুর্নীতি থাকবে না সেখানে উন্নয়ন ভালো হবে। গত দেড় বছরে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। এ এলাকার উন্নয়নে কিছু কিছু ওয়ার্ডের টেন্ডার হয়েছে, কিছু কিছু এলাকায় কাজ হয়েছে। রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ আমরা সবাই মিলে করবো। শহর বড়ো হচ্ছে। ভৌগোলিক কারণে অনেক অফিস আদালত এ ইউনিয়নে এসেছে। ইউনিয়নে বিশুদ্ধ পানির খুব অভাব। সেটা সমাধানের উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, এখন কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচনের দিন অটোবাইক ও সিএনজি অটোরিকশা এখানে রাখা হবে। অনেক দূরের ভোটার আছে, যারা এগুলোকে চড়ে ভোটকেন্দ্রে আসতে পারবেন। সকাল সকাল আপনারা ভোটকেন্দ্রে আসলে সুন্দরভাবে ভোট দিতে পারবেন। ব্যাপক ভোটার উপস্থিতি করাবেন আপনারা। এবার দুটি ভোট--একটা 'হ্যাঁ' বা 'না' ভোট, আরেকটি ধানের শীষের ভোট ।
তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট এই এলাকায় অবস্থিত জেলখানা রক্ষা করেছে স্থানীয় নেতাকর্মীরা, তারা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি নির্মূল করতে হলে ভোট দিতে হবে ধানের শীষে। ধানের শীষের মার্কা তারেক রহমানের মার্কা। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।
জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সকাল সোয়া ৮টায় আশিকাটি ইউনিয়নের ছৈয়াল বাড়ি বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের উত্তর রালদিয়া মোল্লা বাড়িতে উঠান বৈঠক, সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর পাইকাস্তায় পথসভা, সকাল ১০টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম হোসেনপুরে পথসভা, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, বেলা ১১টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব হোসেনপুরে পথসভা, দুপুর সাড়ে ১১টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলী এলাকার মধ্য আশিকাটি বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে উঠান বৈঠক করেন।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর তিনি বিকেল ৫টায় ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের কোটরাবাদ ঐতিহাসিক জামে মসজিদ মাঠে উঠান বৈঠক, সন্ধ্যা সাড়ে ৬টায় ৯নং ওয়ার্ডের পূর্ব রামদাসদী খলিফা বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মৃধা, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির সহ-প্রশিক্ষক বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়নে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু প্রমুখ। গণসংযোগে ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও দুই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।







