প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩
বন্ধন-১২ কাজের কাজ করছে

শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা কিংবা ক্রেস্ট প্রদানের আয়োজন আমাদের সমাজে নতুন কিছু নয়। এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ঢালাওভাবে সংবর্ধনা দিতে প্রতিবছরই অনেক সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি ও উদ্যোক্তাকে এগিয়ে আসতে দেখা যায়। এসব আয়োজন নিঃসন্দেহে আনন্দের, তবে প্রশ্ন হলো—যে শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফরম পূরণ কিংবা বোর্ড ফি জোগাড় করতে হিমশিম খায়, তার পাশে দাঁড়ানোর মানুষ কতজন? মেধা থাকা সত্ত্বেও কেবল অর্থাভাবে যার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা আমাদের সমাজে এখনো বিরল।
এমন বাস্তবতায় ফরিদগঞ্জের সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’ একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি প্রতি বছরের ধারাবাহিকতায় ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৩৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর বোর্ড ফি প্রদানের দায়িত্ব নিয়েছে। আপাতদৃষ্টিতে এটি হয়তো খুব বড় কোনো আয়োজন নয়, নেই জাঁকজমকপূর্ণ মঞ্চ কিংবা বাহারি প্রচারণা। কিন্তু এই সহায়তার তাৎপর্য অনেক গভীর। কারণ, এটি কোনো শিক্ষার্থীর অর্জিত সাফল্য উদ্যাপনের আয়োজন নয়; বরং তার ভবিষ্যৎ সাফল্যের পথ সুগম করার একটি আন্তরিক উদ্যোগ।
আমাদের সমাজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার মতো সংগঠন, প্রতিষ্ঠান ও উদ্যোক্তার অভাব নেই। সাফল্যের পর ফুল, ক্রেস্ট ও সম্মাননা তুলে দিয়ে বাহবা পাওয়ার প্রতিযোগিতাও কম নয়। কিন্তু সাফল্যের আগেই একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, তার আর্থিক সংকটকে নিজের দায়িত্বের অংশ মনে করা এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহযোগিতা করা—এমন মানসিকতার মানুষ ও সংগঠন সত্যিই হাতে গোনা। অথচ সমাজের প্রকৃত দায়িত্বশীলতা প্রকাশ পায় এখানেই। যে শিক্ষার্থী অর্থের অভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় থাকে, তার দুশ্চিন্তা দূর করে দেওয়ার আনন্দ কোনো সংবর্ধনার জৌলুশের চেয়ে কম নয়; বরং এর সামাজিক মূল্য অনেক বেশি।
‘বন্ধন-১২’-এর এই উদ্যোগের বিশেষত্ব হলো, সংগঠনটি শুধু মেধার স্বীকৃতি দিতে চায়নি, মেধার বিকাশের পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতেও এগিয়ে এসেছে। ৩৫ জন শিক্ষার্থীর বোর্ড ফি প্রদান হয়তো সামগ্রিক বিবেচনায় ছোট পরিসরের উদ্যোগ, কিন্তু সংশ্লিষ্ট শিক্ষার্থী ও পরিবারের কাছে এর গুরুত্ব অনেক বড়। এমন সহায়তা একজন শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জোগায়, পরিবারকে স্বস্তি দেয় এবং সমাজের প্রতি ইতিবাচক দায়বদ্ধতা তৈরি করে।
আমরা মনে করি, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত শুধু সফলদের সংবর্ধনা দেওয়ার মধ্যে নিজেদের সামাজিক দায়িত্ব সীমাবদ্ধ না রাখা। বরং যারা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখে, মেধা ও পরিশ্রম দিয়ে সামনে এগোতে চায়, তাদের পাশে দাঁড়ানো। কারণ, একটি ক্রেস্ট সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন সচল রাখার সহযোগিতা তার ভবিষ্যৎ বদলে দেওয়ার উপলক্ষ হতে পারে।
‘বন্ধন-১২’কে অভিনন্দন এমন একটি প্রয়োজনীয় ও মানবিক উদ্যোগের জন্য। সংগঠনটির এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং তাদের দেখানো পথে অন্যরাও এগিয়ে আসুক। সস্তা বাহবা কিংবা সাময়িক প্রচারের চেয়ে একজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাঁচিয়ে রাখার আনন্দ যে অনেক বড়—‘বন্ধন-১২’ কাজের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছে।






