বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩

নৃত্যের ছন্দে স্বপ্ন বুনছেন নৃত্যশিল্পী প্রাপ্তি ঘোষ

গান, অভিনয়, আবৃত্তি এবং বিতর্কেও পারদর্শী

কবির হোসেন মিজি
নৃত্যের ছন্দে স্বপ্ন বুনছেন নৃত্যশিল্পী প্রাপ্তি ঘোষ

ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সখ্য। প্রথম শ্রেণিতে পড়ার সময় যে পথচলা শুরু হয়েছিল, আজ ১৪ বছরের দীর্ঘ সাধনায় তা পরিণত হয়েছে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ও পরিচয়ে। চাঁদপুরের সন্তান প্রাপ্তি ঘোষ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে স্নাতক সম্মান শেষ বর্ষে অধ্যয়নরত। নৃত্যের বিভিন্ন ধারায় দক্ষতা অর্জনের পাশাপাশি মণিপুরী নৃত্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন এই নৃত্যশিল্পী।

প্রাপ্তি ঘোষের জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুরে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে থেকে পড়াশোনা করছেন। তার বাবা শান্তি রঞ্জন ঘোষ একজন বেসরকারি চাকরিজীবী এবং মা শিল্পী রাণী ঘোষ গৃহিণী। চার বোনের মধ্যে প্রাপ্তি সবার বড়। বাবা-মা ও বোনদের নিয়ে তাদের পরিবার।

প্রাপ্তি ঘোষের শিক্ষাজীবনের শুরু চাঁদপুর শহরের বিখ্যাত হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে স্নাতক সম্মান শেষ বর্ষে অধ্যয়নরত।

প্রাপ্তির নৃত্যজীবনের শুরু প্রথম শ্রেণিতে পড়ার সময়। চাঁদপুরের ঐতিহ্যবাহী সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ে নৃত্যশিল্পী ও প্রশিক্ষক অনিমা সেন চৌধুরীর কাছে তাঁর নৃত্যশিক্ষার হাতেখড়ি। সেই শৈশবের ভালো লাগাই ধীরে ধীরে পরিণত হয় গভীর অনুরাগ ও নিয়মিত সাধনায়।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে পড়াশোনার পাশাপাশি তিনি মণিপুরী নৃত্যকে মেজর বিষয় হিসেবে নিয়ে স্নাতক সম্পন্ন করছেন। তবে মণিপুরী নৃত্যের পাশাপাশি অন্যান্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রতিও রয়েছে তাঁর গভীর আগ্রহ। বিশেষ করে মণিপুরী, কত্থক, ভরতনাট্যম ও ওড়িশী নৃত্যের প্রতি তাঁর ঝোঁক বেশি। পাশাপাশি লোকজ ও সৃজনশীল নৃত্যেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

নৃত্যের বাইরেও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় রয়েছে প্রাপ্তির পদচারণা। তিনি আবৃত্তি ও বিতর্কচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম, সিসিডিএফের একজন প্রাক্তন সদস্য তিনি। শখের বসে গান গাইতেও ভালোবাসেন। এছাড়া নাটকেও কাজ করেছেন। বর্তমানে ঢাকার সাংস্কৃতিক সংগঠন ‘ভৈরবী’র একজন নিয়মিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

নৃত্যজীবনে অনুপ্রেরণার মানুষের কথা বলতে গিয়ে প্রাপ্তি বিশেষভাবে উল্লেখ করেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়ার্দা রিহাবের নাম। তাঁর কাছে একজন নৃত্যশিল্পী হওয়া শুধু ভালো নাচ শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন শিল্পীর জীবনে সময়ানুবর্তিতা, নিয়মমাফিক জীবনযাপন, শৃঙ্খলা ও সচেতনতার গুরুত্বও সমান। এসব বিষয়ে তিনি তার শিক্ষকের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন।

ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা অর্জন করেছেন প্রাপ্তি ঘোষ। ছায়ানটের বিভিন্ন উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী, ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ আয়োজনে তিনি নৃত্য পরিবেশন করেছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও তার অংশগ্রহণ রয়েছে।

টেলিভিশন ও বড় মঞ্চেও তার পদচারণা রয়েছে। তিনি বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের বিভিন্ন নৃত্যানুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন। পাশাপাশি মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো বড় আয়োজনেও নৃত্য পরিবেশন করেছেন এই উদীয়মান নৃত্যশিল্পী। এসব অভিজ্ঞতা তার শিল্পীজীবনকে আরও সমৃদ্ধ করেছে।

বর্তমানে তিনি চাঁদপুরের নৃত্য সংগঠন ‘নৃত্যকথন’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের জন্মস্থান চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের প্রতি রয়েছে তার আলাদা টান। চাঁদপুরে নৃত্যচর্চার শৈশবের স্মৃতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর নৃত্যশিক্ষা, সব মিলিয়ে তিনি নিজেকে গড়ে তুলছেন একজন পরিপূর্ণ নৃত্যশিল্পী হিসেবে।

শৈশবের একটি স্বপ্নকে বুকে ধারণ করে আজও নিয়মিত সাধনা করে চলেছেন প্রাপ্তি ঘোষ। শাস্ত্রীয় নৃত্যকে ভিত্তি করে দেশের সংস্কৃতি অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করাই তার পথচলার লক্ষ্য। তার বিশ্বাস, শিল্পের প্রতি ভালোবাসা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমেই একজন শিল্পী তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।

সম্ভাবনাময় নৃত্যশিল্পী প্রাপ্তি ঘোষ নৃত্যের ছন্দে এগিয়ে চলেছেন নতুন সম্ভাবনার পথে। সামনে আরও বড় মঞ্চ, আরও বিস্তৃত পথচলা এবং একজন সফল নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই তার নিরন্তর সাধনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়