মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০:২৭

শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাহরাস্তি প্রেসক্লাব। কর্মশালার পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ারুকের মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ সংগ্রহ, রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা, সাংবাদিকতায় নৈতিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং, মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার পরিকল্পনা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সকাল ৯টা ৩১ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ নিশ্চিতকরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ৪৬ মিনিটে কর্মশালার উদ্বোধন করবেন মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের চেয়ারম্যান ও শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসান।

প্রথম সেশনে ‘সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ।

এরপর ‘সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও এমআরডিআই আয়োজিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক।

দুপুরের সেশনে ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার ট্রেইনার তৌসিফ আকবর।

এরপর ‘মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুব আলম সোহাগ। দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ‘ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন আরটিভির ডিজিটাল কনটেন্ট অ্যান্ড মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন।

বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য মো. আবদুল হান্নান চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার।

আয়োজকরা জানান, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেয়াই এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য।

শাহরাস্তি প্রেসক্লাবের এ উদ্যোগকে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়