প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:১৪
জুলাই শহীদদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণে জেলা পুলিশের দিনব্যাপী কর্মসূচি
|আরো খবর
জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে ও তাঁদের স্মৃতির উদ্দেশ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে সকাল ১০টায় চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের অকুতোভয় সাহসিকতার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদদের এই আত্মত্যাগ এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
শহীদ পরিবারের পাশে জেলা পুলিশ :
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলো শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান। শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
সামাজিক দায়বদ্ধতা ও পুলিশের অঙ্গীকার :
এই আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা পুলিশ জুলাইর শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশ ও জনগণের কল্যাণে এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ডিসিকে/ এমজেডএইচ







