প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২:৪৪
সাংবাদিকদের জ্বালানি সরবরাহে তিনটি ফিলিং স্টেশনে নির্দেশনা

চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের জ্বালানি সরবরাহের জন্যে চাঁদপুরের তিনটি ফিলিং স্টেশনে নির্দেশনা দেয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।
|আরো খবর
এতে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানির বিশেষ পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর প্রেস ক্লাব সদস্য ও মাঠ পর্যায়ের সাংবাদিকদের জন্যে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক সরবরাহকৃত তালিকা মোতাবেক দৈনিক জ্বালানির চাহিদা ও বাস্তবতার নিরিখে দৈনিক ভিত্তিতে ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের জন্যে অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জ্বালানি সরবরাহ করতে হবে। তালিকায় অন্তর্ভুক্ত সাংবাদিকগণ প্রতিদিন একবার জ্বালানি সংগ্রহ করতে পারবেন। জ্বালানি কার্ডে পাম্প কর্তৃপক্ষ অবশ্যই স্বাক্ষর দিতে হবে।
এ ব্যাপারে চাঁদপুর আমির হোসেন ফিলিং স্টেশনের মালিক বাবুল ও শারমিন ফিলিং স্টেশনের মালিক জিন্নাহ পাটওয়ারী বুধবার (২২ এপ্রিল ২০২৬) জানান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা স্বাক্ষরিত চিঠি পেয়েছি । চিঠিতে চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক সরবরাহকৃত তালিকা মোতাবেক দৈনিক জ্বালানির চাহিদা ও বাস্তবতার নিরিখে দৈনিক ভিত্তিতে ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের জন্যে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করেছি ।
এ ব্যাপারে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি জ্বালানি তেলের জন্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমার নিকট প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের তালিকা, মোবাইল নাম্বারসহ আবেদন করেছি। আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক সরবরাহকৃত তালিকা মোতাবেক দৈনিক জ্বালানির চাহিদা ও বাস্তবতার নিরিখে দৈনিক ভিত্তিতে ফিলিং স্টেশনে জ্বালানি সরবাহের জন্যে অনুরোধ করা হয়েছে।







