প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৮:১৫
মাদক-সন্ত্রাস নির্মূলে জনগণের সম্পৃক্তা বেশি জরুরি
........ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, মাদক, যৌতুক, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী তৎপরতা আমাদের সমাজের একটি বড়ো ব্যাধি। এই ব্যাধি মুক্ত করতে হলে জনগণের সম্পৃক্তা বেশি জরুরি। কারণ জনগণ সচেতন হলে আমাদের সমাজের অবক্ষয় রোধ হবে। মসজিদ একটি বড়ো ক্ষেত্র হতে পারে এসব নির্মূলে। প্রতিটি জুমার দিন খুতবায় এসব বিষয়ে মানুষকে সচেতন করা যায়। আমরা ধর্মভীরু জাতি, আমরা মসজিদের ইমাম সাহেবের কথা অনেক গুরুত্ব দেই। তিনি বলেন, রুস্তমপুর বাজার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন প্রশংসনীয়। সেই মাহফিলে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভার আয়োজন এবং সেই আয়োজনে আমরা এসে মানুষকে সচেতন করতে পারছি এটা একটি শুভ উদ্যোগ। এমনিতেই রুস্তমপুর এলাকায় অপরাধ প্রবণতা কম। আশা করছি এই আলোচা সভা ও মাসব্যাপী আয়োজনে মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর বাজার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
মসজিদ কমিটির সহসভপতি নুরুল আমিন শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাকসুদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক ও রুস্তমপুর বাজার সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ।




