সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২

ভরা মৌসুমে মিরপুর বেনারসি পল্লিতে মধ্যরাতে আগুন: আতঙ্কে ব্যবসায়ী ও ক্রেতারা

বিশেষ প্রতিবেদক
ভরা মৌসুমে মিরপুর বেনারসি পল্লিতে মধ্যরাতে আগুন: আতঙ্কে ব্যবসায়ী ও ক্রেতারা
ছবি :সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন পুরোদমে জমে উঠেছে কেনাকাটা, ঠিক তখনই রাজধানীর মিরপুর-১০ নম্বরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মধ্যরাতে বেনারসি পল্লির একটি দোকানে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পরপরই মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২৫ মিনিটের নিরলস প্রচেষ্টায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দোকানের মূল্যবান বেনারসি শাড়ি ও অন্যান্য পোশাকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ঈদ মৌসুম হওয়ায় দোকানগুলোতে বিপুল পরিমাণ নতুন শাড়ির মজুদ ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বেনারসি পল্লির ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই ঈদের কেনাকাটায় সরগরম ছিল এই এলাকা। দুই শতাধিক দোকানে প্রতিদিন দেশি-বিদেশি ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এমন ভরা মৌসুমে এই অগ্নিকাণ্ড তাদের মধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা ও আতঙ্ক সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়