প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:০১
মতলব উত্তরে মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেফতার, অবৈধ জাল জব্দ

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারী (চাঁই) ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জেলেকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাঁই এবং ৫০ মিটার মশারি জাল উদ্ধার করে জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, নদীতে ইলিশ ও অন্যান্য মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ। এ সময় নিষিদ্ধ ও ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরার অপরাধে হাতেনাতে ২০ জেলেকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত অবৈধ জাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর আওতায় ছয়টি পৃথক মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নদীতে অসাধু উপায়ে মাছ শিকার বন্ধ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"








