বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:২৮

পরিবেশ বান্ধব অর্থনৈতিক বাস্তবতা

অটোরিকশায় এসিড ব্যাটারি নাকি লিথিয়াম ব্যাটারি

তথ্য-প্রযুক্তি কণ্ঠ প্রতিবেদক
অটোরিকশায় এসিড ব্যাটারি নাকি লিথিয়াম ব্যাটারি

ব্যস্ত নগর জীবনে ব্যাটারিচালিত অটোরিকশা এখন অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়ক, উপশহর, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালমুখী যাত্রীদের নির্ভরযোগ্য বাহন হিসেবে এই অটোরিকশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই সহজলভ্য ও জনপ্রিয় যানবাহনে লেড-এসিড ব্যাটারির (এসিড ব্যাটারি) ব্যবহার নিয়ে এখন পরিবেশগত ও জনস্বাস্থ্য ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ব্যয়বাহুল্য নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

বিশেষজ্ঞরা বলছেন, যা এখন সস্তা মনে হচ্ছে, সেটিই ভবিষ্যতে বড়ো ব্যয়ের কারণ হতে পারেÑশুধু অর্থনৈতিকভাবে নয়, পরিবেশগত দিক থেকেও।

চাঁদপুরসহ সারাদেশে গত এক দশকে অটোরিকশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, শহরের সম্প্রসারণ এবং স্বল্প দূরত্বে দ্রুত চলাচলের প্রয়োজনীয়তার কারণে এই যানবাহন ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন কয়েক হাজার অটোরিকশা শহরের বিভিন্ন রুটে চলাচল করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্যে এটি একটি সাশ্রয়ী ও সহজ বাহন।

একজন যাত্রী জানান, রিকশা বা সিএনজির চেয়ে অটোরিকশা সহজলভ্য এবং ভাড়াও কম। তাই আমরা বেশি ব্যবহার করি। তবে এই সুবিধার আড়ালে লুকিয়ে থাকা প্রযুক্তিগত বাস্তবতা এখন আলোচনার কেন্দ্রে।

লেড-এসিড ব্যাটারির ওপর নির্ভরতা :

অটোরিকশায় লেড-এসিড ব্যাটারি ব্যবহারের কয়েকটি বাস্তব কারণ, যেমন :

প্রাথমিকভাবে কম খরচ, সহজলভ্যতা, স্থানীয় পর্যায়ে মেরামতের সুযোগ, দ্রুত প্রতিস্থাপনযোগ্যতা ইত্যাদি।

একজন অটো চালক বলেন, আমাদের আয় সীমিত। লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা লাগে। তাই বাধ্য হয়েই এসিড ব্যাটারি ব্যবহার করি। অন্য এক মালিক জানান, এসিড ব্যাটারি নষ্ট হলে দ্রুত ঠিক করা যায় বা বদলানো যায়। এতে গাড়ি বন্ধ থাকে না। এই বাস্তবতা লেড-এসিড ব্যাটারিকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে রয়েছে উদ্বেগ।

পরিবেশের ওপর বিষাক্ত প্রভাব :

লেড-এসিড ব্যাটারির প্রধান উপাদান সীসা এবং সালফিউরিক অ্যাসিডÑদুটিই অত্যন্ত বিষাক্ত। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা অনিয়ন্ত্রিতভাবে ফেলে দিলে এসব উপাদান মাটি ও পানিতে মিশে যায়। চাঁদপুর নদীবেষ্টিত এলাকা হওয়ায় এই দূষণ দ্রুত বিস্তার লাভ করতে পারে।

পরিবেশবিদদের মতে, একটি ব্যাটারি সঠিকভাবে নিষ্পত্তি না হলে তা দীর্ঘ সময় ধরে পরিবেশকে দূষিত করতে পারে। চাঁদপুরে আধুনিক ব্যাটারি রিসাইক্লিং ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে পুরানো ব্যাটারি খোলা জায়গায় ভেঙে সীসা আলাদা করা হয়।

এই প্রক্রিয়ায় মাটি দূষিত হয়, ভূগর্ভস্থ পানি দূষিত হয়, আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, আমাদের এলাকার পাশেই ব্যাটারি ভাঙা হয়। দুর্গন্ধে থাকা যায় না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। ব্যাটারি চার্জিংয়ের সময় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় যা বদ্ধ পরিবেশে ঝুঁকিপূর্ণ।

অর্থনৈতিক বাস্তবতা ও ব্যয় সাশ্রয়ের ভ্রান্ত ধারণা : এসিড ব্যাটারি ব্যবহারে স্বল্পমেয়াদে লাভ, কম দামে ব্যাটারি ক্রয় ও দ্রুত ব্যবসা শুরু করা গেলেও পরিণামে দীর্ঘমেয়াদে ক্ষতি, ব্যাটারির আয়ু কম (৬ মাসÑ১.৫ বছর), বারবার পরিবর্তন, বেশি বিদ্যুৎ খরচ, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়।

একজন চালক বলেন, প্রতি বছর ব্যাটারি বদলাতে হয়। এতে আয়ের বড়ো অংশ খরচ হয়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, লেড-এসিড ব্যাটারি আসলে ‘সস্তার তিন অবস্থা’Ñপ্রথমে কম খরচ, পরে বেশি খরচ। তবে এই খাতে ব্যবহৃত প্রচলিত লেড-এসিড ব্যাটারির পরিবেশগত ঝুঁকি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এখন বিকল্প হিসেবে লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, লিথিয়াম ব্যাটারি শুধু আধুনিক প্রযুক্তিই নয়, এটি টেকসই ভবিষ্যতেরও একটি শক্তিশালী সমাধান।

লিথিয়াম ব্যাটারির সুবিধা :

দীর্ঘ আয়ু ও স্থায়িত্ব :

একটি লেড-এসিড ব্যাটারি সাধারণত ১ থেকে ১.৫ বছর ব্যবহারযোগ্য থাকে আর লিথিয়াম ব্যাটারি ৩ থেকে ৫ বছর বা তারও বেশি সময় কার্যকর থাকে।

দ্রুত চার্জিং ও সময় সাশ্রয় :

একটি লেড-এসিড ব্যাটারি পূর্ণ চার্জ হতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় নেয় কিন্তু লিথিয়াম ব্যাটারিতে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই চার্জ সম্পূর্ণ হয়।

শক্তি দক্ষতা ও বিদ্যুৎ সাশ্রয় :

লিথিয়াম ব্যাটারির এনার্জি দক্ষতা অনেক বেশি। এটি চার্জ করা বিদ্যুতের প্রায় সম্পূর্ণ অংশ ব্যবহার করতে পারে। অন্যদিকে লেড-এসিড ব্যাটারিতে শক্তির একটি বড়ো অংশ অপচয় হয়।

হালকা ওজন ও উন্নত পারফরম্যান্স :

একই ক্ষমতার একটি লিথিয়াম ব্যাটারি লেড-এসিড ব্যাটারির তুলনায় প্রায় তিনগুণ হালকা হতে পারে। এর ফলে অটো রিক্সার গতি বৃদ্ধি পায়।

পরিবেশবান্ধব বৈশিষ্ট্য :

লিথিয়াম ব্যাটারি পরিবেশের জন্যে তুলনামূলকভাবে নিরাপদ। এতে সীসার মতো বিষাক্ত ধাতু নেই এবং এটি ব্যবহারের সময় কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত করে না।

রক্ষণাবেক্ষণ সুবিধা :

লিথিয়াম ব্যাটারিতে নিয়মিত পানি দেওয়া বা টার্মিনাল পরিষ্কার করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণভাবে আটকানো এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ফলে সময় সাশ্রয় হয়।

অর্থনৈতিক বিশ্লেষণ :

যদিও লিথিয়াম ব্যাটারির প্রাথমিক মূল্য বেশি, তবে দীর্ঘমেয়াদে এটি অনেক বেশি সাশ্রয়ী। কারণ এর দীর্ঘ আয়ু, কম বিদ্যুৎ খরচ, রক্ষণাবেক্ষণ খরচ নেই, আয় বাড়ানোর সুযোগ অনেক।

বিদ্যুৎ ও অর্থের অপচয় রোধ :

লেড-এসিড ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ করতে অধিক বিদ্যুতের প্রয়োজন হয়, যার অর্থমূল্যে প্রায় ২০০ টাকা। পক্ষান্তরে লিথিয়াম ব্যাটারিতে বিদ্যুৎ লাগে দৈনিক মাত্র ১০০ টাকার। ফলে প্রতিটি অটোরিকশায় গড়ে প্রতি মাসে ৩ হাজার টাকার বিদ্যুৎ অপচয় রোধ হয়। চাঁদপুর শহরে যদি ৫ হাজারটি অটোরিকশা চলে, তবে দৈনিক ৫ লাখ টাকার বিদ্যুৎ অপচয় রোধ হবে, যা মাসে দেড় কোটি টাকায় দাঁড়ায়। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে রাষ্ট্রের বিদ্যুৎ চাহিদার সংকট মোকাবেলা সহজ হয়ে যাবে।

চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা :

লিথিয়াম ব্যাটারির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন-প্রাথমিক ব্যয় বেশি, যাতে এককালীন বেশি টাকা বিনিয়োগ করতে হয়। চার্জিং স্টেশন ও সার্ভিসিং সুবিধা এখনো পর্যাপ্ত নয়। অনেক চালক এখনো এর সুবিধা সম্পর্কে পুরোপুরি অবগত নন।

সরকার ও বেসরকারি উদ্যোগে যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহারে সহায়তা করা হয়, তবে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।

সম্ভাব্য সমাধান ও সুপারিশ :

১. আধুনিক রিসাইক্লিং ব্যবস্থা : লাইসেন্সপ্রাপ্ত কারখানার মাধ্যমে ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করা জরুরি।

২. ভর্তুকি ও সহজ শর্তে ঋণ : লিথিয়াম ব্যাটারি কেনার জন্যে চালকদের ভর্তুকি ও সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া যেতে পারে।

৩. সচেতনতা বৃদ্ধি : চালক ও সাধারণ মানুষকে পরিবেশগত ঝুঁকি সম্পর্কে জানাতে হবে।

৪. চার্জিং অবকাঠামো উন্নয়ন : আধুনিক চার্জিং স্টেশন স্থাপন জরুরি।

ব্যবহারযোগ্য ক্ষমতা : ১০০ অ্যাম্পিয়ারের একটি এসিড ব্যাটারি থেকে সর্বোচ্চ ৫০ অ্যাম্পিয়ার নিরাপদে ব্যবহার করা যায়, কিন্তু লিথিয়াম ব্যাটারি থেকে ৯০ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়।

সার সংক্ষেপ : যদি আপনি সোলার পাওয়ার সিস্টেম, অটোরিকশা, রিক্সা, ভ্যানগাড়ির জন্যে ব্যাটারি খোঁজেন এবং আগামী ৫-১০ বছরের পরিকল্পনা করেন, তবে লিথিয়াম ব্যাটারি কেনাই হবে বুদ্ধিমানের কাজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়